দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনী শহরে বৈদ্যুতিক খুঁটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার ছবি সংবলিত কুশপুত্তলিকা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ও সবজি বাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত কুশপুত্তলিকাগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গাংনী থানা পুলিশ সেগুলো উদ্ধার করে।
কুশপুত্তলিকায় এনসিপি নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের ছবি সংযুক্ত ছিল। সেখানে লেখা ছিল, ‘তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে; এদের প্রতিহত করুন; এদের ঘৃণা করুন।’
সোমবার বিকেলে গাংনীতে এনসিপির একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয়দের ধারণা, পথসভাকে কেন্দ্র করে জনমনে প্রভাব ফেলতে বা আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ দাবি করেন, ‘দুষ্কৃতকারীরা এ কাজ করেছে। তারা জুলাইয়ের চেতনাকে মুছে ফেলতে চায়। তবে এ ধরনের কর্মকাণ্ড করে কেউ সফল হবে না। জুলাইয়ের চেতনা ধারণ করেই দেশ এগিয়ে যাবে।’
তিনি আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করবে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ বলেন, রাতের আঁধারে যেই এ ঘটনা ঘটিয়ে থাকুক, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।
এমএম/